কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উত্তর বালাশিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে গোলাম মওলা (২৮), আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (২৬), নুর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং মনসুর আলীর ছেলে নুরনবী (২৫)।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোলাম মওলা, ওমর ফারুক, আরিফুল ইসলাম ও নুরনবীকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভ্রাম্যমাণ আদালতের সাজা শেষে আটক চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
কীর্ত্তিকা সেন বিল্টু/এফএস