শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ময়মনসিংহের ৩৯ বিজিবির টহলরত সদস্যরা ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার টাকা।
ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এম. সুরুজ্জামান/ এফএস