দিনাজপুরের বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল মাত্র ১১ মাস বয়সী কন্যাশিশু মারিয়া মাহরিন। একই দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মাহরিনের মৃত্যু হয়।
এর আগে একই দিন বিকেলে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় শিশুটির মা রুমি আক্তার নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তার তার স্বামীসহ পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রুমি আক্তার ও তার শিশুকন্যা মারিয়া মাহরিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রুমি আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনায় মারিয়া মাহরিনসহ পরিবারের আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় শিশুটি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত রুমি আক্তারের স্বামী প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াত খেতে যাওয়ার পথেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
একই দুর্ঘটনায় মা ও মাত্র ১১ মাস বয়সী মেয়ের মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে আহাজারি। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন /এফএস