টাঙ্গাইলের নাগরপুরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে শীলপাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোস্তফা ভূইয়ার (২০) বিরুদ্ধে। নিহত আব্দুর রহিম ভূইয়া (৫৫) পেশায় ভ্যানচালক। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মোস্তফা পালিয়ে যায়।
জানাগেছে, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া নিজ ঘরে ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে রেগে যায়। একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করে। এতে বাবা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানসিক নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।
তবে নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করে।
ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাগবিতণ্ডে একপর্যায়ে এ ঘটনা ঘটেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর ছেলে মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এফএস