কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ।
তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে হাফিজুর রহমানকে গ্রেফতারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিআই সূত্র জানায়, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের আত্মগোপন বা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।
তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।
আরএন