জরুরি উন্নয়নকাজের কারণে আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি দীর্ঘ এবং অতিরিক্ত লোড বহন করছে। লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান ফিডারটি বিভক্ত করে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল সংলগ্ন এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার আংশিক অংশ, রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন এলাকা, খানকা শরিফ এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য কাশিমপুর জোনাল অফিস গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।