মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল মাদকদ্রব্য কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় একটি ভাড়াকৃত বসতবাড়ির উঠান থেকে তুষার শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুষার শেখ দেলভোগ দয়হাটা এলাকার বাসিন্দা। তিনি মৃত শেখ করিমের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এইচআই/আরএন