ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে উপজেলার সামন্তা পাকরাইল সীমান্তে এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন গেট দিয়ে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প এলাকা থেকে ৪ জন পুরুষ ও ২ জন মহিলাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি সামন্তা বিওপির টহলদলের নজরে আসলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তারা খোলা মাঠে অবস্থান করছেন এবং পরিস্থিতির ওপর বিজিবি নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম জোরদার রাখা হয়েছে বলেও তিনি জানান।
জেইউ/আরএন