বেগম রোকেয়া নারী সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজ, শিক্ষা, মুক্তিযুদ্ধ ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রোকেয়া পদক ২০২৬’ প্রদান করা হবে। আগামী ১লা নভেম্বর পদকটি প্রদান করা হবে।
বুধবার সন্ধ্যায় রংপুরের আইডিয়া পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোয়ারা বেগম।
সংগঠন সূত্রে জানা গেছে, সাহিত্য বিভাগে প্রবন্ধ, কথাসাহিত্য এবং ছড়া-কবিতা শাখায় অবদান মূল্যায়ন করা হবে। এছাড়া রংপুর বিভাগের নারী লেখকদের সাহিত্যচর্চা ও অবদানও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। সাহিত্য বিভাগে আবেদনকারীদের প্রকাশিত গ্রন্থের কপি প্রস্তাবনার সঙ্গে সংযুক্ত করতে হবে।
আগ্রহীরা নিজে আবেদন করার পাশাপাশি ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করা যাবে। প্রস্তাবনা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। জমা দেওয়ার ঠিকানা—আইডিয়া প্রকাশন, সেন্ট্রাল রোড, রংপুর-৫৪০০।
সভায় পদক প্রদান কার্যক্রম পরিচালনার জন্য তাপস মাহমুদকে আহ্বায়ক এবং শাহিদা মিলকী ও সাকিল মাসুদকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মনোয়ারা বেগম, মোশফেকা রাজ্জাক ও মো. আব্দুর রাজ্জাক।
এলওয়াই/এসআর