খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা-আশিক সড়কের দারুসসালাম মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার কয়েকজন বাসিন্দা ওই পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা ঘরের ভেতরে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।
এসএস/আরএন