ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়ন এবং ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র (এলসি) খোলা ও চলতি মূলধন দেওয়ার সুযোগ রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।


সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। উভয় প্রজ্ঞাপনে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। 


প্রজ্ঞাপন দুটি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর পরিচালক মো. বায়েজীদ সরকারের সই করা সার্কুলার লেটারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।


বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সুবিধা দিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাদের ব্যাংকিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে আইনের ২৭কক(৩) ধারায় বর্ণিত নিষেধাজ্ঞা নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর হবে না।


শাইনপুকুর সিরামিকসের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী ব্যাংকে প্রতিষ্ঠানটির বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ঋণসীমার মধ্যে রয়েছে ৫৫ কোটি টাকার সিসি-হাইপো ঋণ, ১৫ শতাংশ মার্জিনে ২৫ কোটি টাকার এলসি এবং ১০ শতাংশ মার্জিনে ২৫ কোটি টাকার এলটিআর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ঋণসুবিধার বিপরীতে অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সোনালী ব্যাংক সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। পাশাপাশি শাইনপুকুর সিরামিকসের সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।


অন্যদিকে, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র স্থাপন ও চলতি মূলধন দেওয়ার ক্ষেত্রে একই আইনি নিষেধাজ্ঞা আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর না রাখার কথা বলা হয়েছে।


এ ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে, ঋণসুবিধার বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে এবং সেখান থেকে আনুপাতিক হারে ন্যাশনাল ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।


এর আগে গত ১৭ আগস্ট অপর এক নির্দেশনার মাধ্যমে শতভাগ মার্জিনে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের সঙ্গে পরামর্শ করে এ ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো ছাড়াও সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকে একই ধরনের সুবিধা দেওয়া হয়েছে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement