মোংলা বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার একটি সহজ শর্তের ঋণ চুক্তি সই হয়েছে।
‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য এ অর্থ দেবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই এ ঋণ চুক্তি সই হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ফেনজঝুন টিয়ান (Fengjun Tian) ঋণচুক্তিতে সই করেন।
এ প্রকল্পের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডেলিং ইয়ার্ড নির্মাণসহ বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।
সই হওয়া ঋণচুক্তির আওতায় চীন সরকার এ প্রকল্পের জন্য ২ শতাংশ সুদ হারে নমনীয় ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঋণ পরিশোধের সময় হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।
টিআই