নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
জানা যায়, রনি ও আসলামের সঙ্গে সাহেব আলীর সংঘর্ষের একপর্যায়ে তাঁকে মাথা ও বুকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। তিনি একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়েছেন বলেও জানান তিনি।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।