রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ শিরোনামে ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তবে আম্মারের দাবি, এটি রবীন্দ্রসংগীতকে অবমাননা নয়, বরং প্যারোডি।
আম্মার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘একটি রঠা সংগীত, রবীন্দ্রনাথের আত্মা ঘুরছে রাকসুতে’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করেন। এতে রবীন্দ্রসংগীতের সুরে ব্যঙ্গাত্মক কথা ব্যবহার করা হয়।
এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যসাধনার প্রসঙ্গ টেনে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘রবীন্দ্রনাথ হওয়া এত সোজা না! ৪৩টা পতিতালয় চালাইয়া, কাস্টমার রিভিউ ঠিক রেখে আবার সাহিত্যসাধনা করা চাট্টেখানি কথা না।’ তবে পোস্টে করা এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল। তিনি বলেন, আম্মার যেসব অভিযোগ করছেন, সেগুলোর পেছনে কোনো প্রমাণ বা তথ্যসূত্র নেই। মনগড়া অভিযোগ তুলে বিভিন্নভাবে ব্যঙ্গ করা হচ্ছে, যার মধ্যে ঘৃণা ও সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে।
আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাতুল বলেন, এমন একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন, যা তাঁদের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমালোচনার জবাবে আম্মার বলেন, “আমি রবীন্দ্রসংগীত পারি, তাই পোস্ট করেছি। রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে পোস্ট করব কেন? আমরা যখন থিয়েটার করতাম, তখন নজরুলসংগীত, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান নিয়ে প্যারোডি করতাম।”
এদিকে পোস্টগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশও সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আদিত্য রায় রিপন পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে আম্মারের ভাষার ব্যঙ্গাত্মক সমালোচনা করেন।
শিক্ষার্থী মাতিন আকন্দ বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই একজন জিএসের এমন দাবি করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
রবীন্দ্রনাথকে নিয়ে পতিতালয়সংক্রান্ত পোস্টের ব্যাখ্যায় আম্মার বলেন, এটি মূলত কবির মেধার প্রশংসা করে লেখা হয়েছে। তাঁর ভাষ্য, একজন মানুষের মস্তিষ্ক এতটা তীক্ষ্ণ হতে পারে, তা প্রশংসনীয়। তিনি দাবি করেন, রবীন্দ্রনাথকে অবমাননা নয়, বরং তাঁর মেধার প্রশংসা করেই পোস্টটি করেছেন।
এসএস