দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় পোশাক শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, বিজিএমইএ নেতারা প্রধানমন্ত্রীর কাছে শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তারা স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি এবং প্রস্তাবনাও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পোশাক শিল্পের অগ্রগতিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন।
বিজিএমইএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে পোষাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজিএমইএর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই আমাদের সরকার এ শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিজিএমইএর প্রতিনিধি দলকে বলেন- এ শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণের সমস্যা এবং আপনাদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসআর