জামালপুরে পেছন থেকে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিল্লাল হোসেন (৫০) মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে আসছিল।
স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিন চৌধুরী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁর বাড়ি মাদারগঞ্জ উপজেলার চর পাকেরহদ গ্রামে।
আহত রবিন চৌধুরী জানান, পেছন থেকে একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাঁকে এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, তাঁর চাচা একজন প্রবাসী ছিলেন। তিনি ময়মনসিংহে বড় ছেলে, এইচএসসি পরীক্ষার্থী রাজনের সঙ্গে দেখা করে সিএনজিতে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনায় তিনি নিহত হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এলএইচ/আরএন