দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলে তার আসন শূন্য হবে কি না—এ বিষয়ে আনুষ্ঠানিক নথি পাওয়ার পর আইন ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দলীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যের বহিষ্কার বা মনোনয়ন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিলে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে।
তবে এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথিপত্র এখনো নির্বাচন কমিশনে পৌঁছায়নি বলে জানান তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব কার্যপ্রণালি রয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পাওয়ার পর সংবিধান, আইন ও বিধিমালা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, অনুমাননির্ভর কোনো তথ্যের ভিত্তিতে কমিশনের চূড়ান্ত অবস্থান জানানো সম্ভব নয়। লিখিত নথি ও সংশ্লিষ্ট আইনি বিধান পর্যালোচনার পরই আসন শূন্য ঘোষণা বা উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এসআর