দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ১৩৩ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে।
আরএন