ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
X

ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন: পাথওয়েজ টুওয়ার্ডস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, উচ্চশিক্ষায় শিখন-ঘাটতি কমানো এবং শিক্ষা ও গবেষণায় সমান সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি এবং আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ও ই-রিসোর্সে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।

তিনি বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের উদ্দেশ্য শুধু প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন নয়; বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা ও গবেষণার সমান সুযোগ নিশ্চিত করা। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো বিশ্ববিদ্যালয় যেন শিক্ষা ও গবেষণায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ইউজিসি কাজ করছে।

অধ্যাপক মামুন আহমেদ জানান, ইউজিসি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন ও প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স, গবেষণা উপকরণ এবং ডিজিটাল শিক্ষাসেবায় সহজ প্রবেশাধিকার পাবে। একই সঙ্গে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে পাঠদান, গবেষণা তত্ত্বাবধান এবং আন্তঃবিশ্ববিদ্যালয় একাডেমিক সহযোগিতা আরও জোরদার করতে পারবেন।

ইউজিসির চেয়ারম্যান আরও জানান, আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল লাইব্রেরির সুবিধা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা হবে। আন্তর্জাতিক মানের বই, গবেষণা জার্নাল এবং স্বীকৃত গবেষণা ডাটাবেজে প্রবেশাধিকার বৃদ্ধি করে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের জ্ঞানভাণ্ডার ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও কার্যক্রম যাতে অব্যাহত থাকে, সে জন্য একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও গবেষণার বৈষম্য কমবে এবং আন্তর্জাতিক সহযোগিতাও আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেব্রতম ভট্টাচার্য এবং হেড অব পাবলিশিং কুদসিয়া আহমেদ বক্তব্য দেন।

বক্তারা উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণার মানোন্নয়ন এবং বৈশ্বিক জ্ঞানভাণ্ডারে শিক্ষার্থী ও গবেষকদের প্রবেশাধিকার সম্প্রসারণে ডিজিটাল সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝