দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মাঠপর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং কার্যকর সমাধান উদ্ভাবনে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আগ্রহী গবেষকরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণা প্রকল্পের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিক পাঁচটি বিষয়ে গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে। বিষয়গুলো হলো—শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু শেখানোর কার্যকর কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।
এবারের গবেষণা কার্যক্রমে পরীক্ষামূলক গবেষণাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গবেষক হিসেবে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ গবেষণা প্রস্তাব জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর