দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে পদার্পণ করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে পায়রা অবমুক্তি, বেলুন উড়ানো এবং উদ্বোধনী ফলক উন্মোচন করবেন অতিথিরা।
পরবর্তীতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হবে। সেখানে নবাগত শিক্ষার্থীদের হাতে নওগাঁর ঐতিহ্যবাহী আমগাছের চারা তুলে দিয়ে তাঁদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া জেলার সংসদীয় ছয়টি আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে (আইন ও হিসাববিজ্ঞান) শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। গত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত আইন ও হিসাববিজ্ঞান বিভাগের ৮০ জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।
গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। প্রতিটি বিভাগে ৪০ জন করে প্রথম বছরে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই শুভযাত্রা হোক জ্ঞানের আলোয় উদ্ভাসিত, সাফল্যে সমৃদ্ধ এবং আগামী প্রজন্মের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য ঠিকানা। নবাগত সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা হোক আলোকময়, সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল।”
২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২৫ সালের ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো আইন অনুষদের অধীন আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।
এই দুই বিভাগ চালুর মধ্য দিয়ে নওগাঁবাসীর বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এরই মধ্যে ওই দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শনিবার থেকেই বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
কেএইচ/আরএন