১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের ছাদ ধসে নিহত ৪০ জনের স্মরণে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে দিবসটির কর্মসূচি ঘোষণা করা হয়।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে জগন্নাথ হলের পুরোনো অ্যাসেম্বলি ভবনের ছাদ ধসে ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন নিহত হন। নিহত অন্য ১৪ জন ছিলেন অতিথি ও কর্মচারী। এ ঘটনায় আরও অনেকে আহত হন।
দিবসের কর্মসূচির শুরুতে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, হল ও হোস্টেলগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হবে। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হল মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হবে।
জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও তাঁদের স্মৃতিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদর্শন করা হবে।
এসএস