ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরের কৃষ্ণসাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউক্রেনীয় নৌবাহিনী সোমবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ভুট্টাবাহী গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি ওদেসা বন্দর থেকে রওনা হওয়ার পর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
জাহাজটিতে থাকা ১৭ জন ক্রু সদস্যের মধ্যে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাবিক ছিলেন। এ ছাড়া একজন মেরিটাইম পাইলট ও আরও কয়েকজন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
হামলার পর উদ্ধারকারীরা আশঙ্কাজনক অবস্থায় এক ভারতীয় নাগরিকসহ মোট আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। আহতদের মধ্যে এক ভারতীয় নাগরিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।
এই হামলাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের আগ্রাসন সম্পূর্ণভাবে পরিহার করা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, ইউক্রেনের স্থানীয় প্রশাসন ও কর্মকর্তারা বলেছেন, কৃষ্ণসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে এই হামলা অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা।
ওদেসার আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসে রুশ বাহিনীর একের পর এক হামলায় ওই অঞ্চলে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
টিএস