লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দুটি বড় বাধা হিসেবে ইসরায়েলের দখলদারত্ব ও ইরানের হস্তক্ষেপকে চিহ্নিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবানিজ নাগরিকদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট জোসেফ আউন।
ভাষণে তিনি বলেন, লেবাননের ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের দখলদারত্ব এবং ইরানের প্রভাবশালী মহলের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ—এই দুটি পরস্পর সম্পর্কযুক্ত সংকটের কারণে পূর্ণ স্বাধীনতা উদ্যাপন করা সম্ভব হচ্ছে না।
ইসরায়েলের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে আউন বলেন, লেবাননের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে। বন্ধ করতে হবে হামলা এবং ফিরিয়ে দিতে হবে আটক ব্যক্তিদের। তাঁর ভাষায়, দখলদারত্ব কখনো নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, ধ্বংসযজ্ঞও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।
অন্যদিকে ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করলেও লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি। আউন বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে, একটি দেশ অন্য দেশের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করবে।
লেবাননের অভ্যন্তরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সব অস্ত্রের অবসান ঘটানোরও অঙ্গীকার করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিদেশি শক্তির স্বার্থে পরিচালিত কোনো অস্ত্র আর রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না। এ সময় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অস্ত্র রাষ্ট্রের কাছে সমর্পণের আহ্বান জানান তিনি।
এ বক্তব্যের মধ্য দিয়ে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণে সরকারের অবস্থানও স্পষ্ট করেন আউন। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ নিজেদের অস্ত্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার হিসেবে দাবি করে আসছে। তবে লেবাননের সরকার দেশটির সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল। এতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি না হওয়া এবং ইসরায়েলের অব্যাহত হামলায় সেই উদ্যোগের বাস্তবায়ন থমকে আছে।
এর মধ্যেই শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জবেইল ও মারজাইউন এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। কয়েকটি এলাকায় বিমান হামলা ও বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ সংঘাতের পর ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেসিডেন্ট জোসেফ আউনের বক্তব্য লেবাননের সার্বভৌমত্ব, ইসরায়েলি দখলদারত্বের অবসান এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব বন্ধের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
এফএস