ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে ব্যবহৃত একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কাজে নিয়োজিত ছিল। হামলার সময় গাড়িটি শিশুদের মধ্যে খাবার বিতরণের প্রস্তুতি নিচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি তাঁবুতে বসবাস করা দরিদ্র ও বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় সরবরাহ করছিল। শিশুদের মধ্যে খাবার বিতরণের ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।
এদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব পাশে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আল জাজিরার গাজা সিটির প্রতিনিধি ইব্রাহিম আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো সেখানকার মানুষের দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় শীতকালীন বৃষ্টি ও জলাবদ্ধতায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে। শুক্রবার রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো নিহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে রেখেছে। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
আল জাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ জানান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার বিচার ও জবাবদিহি নিয়েও প্রশ্ন রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত থাকায় ফিলিস্তিনের সামগ্রিক মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।