রাশিয়ার বাল্টিক অঞ্চলের বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা করা একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে সেটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।
রুশ ও ফিনিশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পেছনে ইউক্রেনের হাত থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো বলেন, ‘যুদ্ধ আমাদের আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেজপ্রোজভাননিখ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, জাহাজটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কালিনিনগ্রাদের সরবরাহ ব্যবস্থার জন্য কোনো হুমকি নেই।
হামলার শিকার জাহাজটির নাম ‘স্পার্টা-২’। যুক্তরাষ্ট্র ২০২২ সালে এবং ইউক্রেন চলতি বছরের শুরুতে জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার একটি প্রতিষ্ঠানের পরিচালনাধীন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১১ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোর অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে দেশটির সামরিক নির্মাণ খাতে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে হামলার খবর পায় তারা। পরে ফিনল্যান্ড উপসাগরের সুসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে আকাশ ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
ঘটনার কিছুক্ষণ পর ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি রুশ হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধারকাজ অথবা নজরদারি অভিযানের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
কালিনিনগ্রাদের গভর্নর জানান, একটি রুশ উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে কার্গো জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। তবে প্রথমে নাবিকেরা জানান, তাঁদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা প্রয়োজনীয় কাজ শেষ করে যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনা করছেন।
পরবর্তী সময়ে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, জাহাজটির নাবিকদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। ওই জাহাজটি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছে। তবে উদ্ধারকারী জাহাজটি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজের কাছেই অবস্থান করছিল।
ফিনল্যান্ডের কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ঘটনায় পরিবেশগত কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি নৌ চলাচল কিংবা সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকিও নেই।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানান, হামলার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীকে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গেও তারা সমন্বয় করছে। ঘটনাটি ন্যাটোকেও অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক সাগর অঞ্চল ক্রমেই সামরিক উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার হামলাও বাড়িয়েছে ইউক্রেন।
এফএস