ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চার বছরে প্রতি জেলায় ১০০ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তরুণদের চাকরি খুঁজে বছরের পর বছর পার করা বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চাকরির অপেক্ষায় না থেকে এসএমই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে সরকার ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচি নিয়েছে। আগামী চার বছরে দেশের প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা তৈরি করা হবে। তাঁদের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতেও কাজ করছে সরকার।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। এসব শিল্পকে রপ্তানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে নিজের পরিচিতি তৈরি করেছে। এখন অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় এসেছে।

ইতালির উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশটির একেকটি অঞ্চল একেক ধরনের পণ্যের জন্য বিখ্যাত। এ ধরনের শিল্প ক্লাস্টার দেশটিকে শিল্পোন্নত করেছে, যার অধিকাংশই ক্ষুদ্র শিল্প।

সরকারপ্রধান বলেন, বিদেশে এ ধরনের পণ্যমেলার আয়োজন করতে চায় সরকার, যেখানে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিসরেও তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার।

আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিকায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে কাজ করছে সরকার।

এসএমই খাতের উৎপাদিত পণ্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারবে বলে সরকার আশাবাদী বলেও জানান তিনি।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝