লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজির একটি নৌঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকালে এ বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেনগাজিভিত্তিক সংবাদমাধ্যম আল-মাসার টিভিতে দেওয়া এক বিবৃতিতে শহরটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, বেনগাজি নৌঘাঁটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের পর সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন তারা।
বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক স্থাপনাটিতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁদের ঘটনাস্থলে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, এতে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা নৌঘাঁটির স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-টিএস