ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে এক সপ্তাহেই তেলের দাম বাড়ল ১২ শতাংশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৪৩ এএম
X
Advertisement

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক হামলা ও পাল্টা-হামলা তীব্র আকার ধারণ করেছে। বিধায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল সরবারাহ প্রায় বন্ধ।

এর ওপর তেহরান তাদের মিত্র হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেল রপ্তানি পথ বাব আল-মান্দেব বন্ধ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এতে করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় বড় ধরণের সংকটের পূর্বাভাস মিলেছে।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা প্রায় ১ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।

চলতি সপ্তাহে বিশ্ববাজারে উভয় বেঞ্চমার্ক তেলের দাম প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো ও ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো লাভের ধারা বজায় রাখল।

ওয়াশিংটনে ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর এক অনুষ্ঠানে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ‘তেল নিরাপত্তা বা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এখনো অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির উন্নতি না হলে আমাদের বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে। চলমান এই পরিস্থিতি নিয়ে আমি সত্যিই গভীরভাবে উদ্বিগ্ন।’

তেল সরবরাহ নিয়ে বিশ্ববাজারের এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে রয়টার্সের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অভ্যন্তরীণ বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানেন, তবে তার পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরের প্রধান তেল রপ্তানি পথটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরানের শীর্ষ নেতৃত্ব।

বাজার বিশ্লেষক সংস্থা আইজি-র বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তিগতভাবে ডব্লিউটিআই ক্রুডের দাম যদি ৭০ ডলারের মাঝামাঝি থাকা মূল সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করতে পারে। তবে নিকট ভবিষ্যতে তেলের দাম অনায়াসেই ৮০ ডলারের মাঝামাঝি পর্যন্ত উঠে যেতে পারে।

গত মাসে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা ভেঙে যাওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র একদিনে দুই দফায় বড় আকারের বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী মূলত ইরানের দক্ষিণ উপকূলের কাছাকাছি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই জোরালো হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা ও হামলা চালানোর শক্তি পুরোপুরি গুঁড়িয়ে দিতে মার্কিন বাহিনী টানা ষষ্ঠ রাতের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে। এই হামলাটি বাংলাদেশ সময় রাত ১২ টার বা তেহরান সময় রাত সাড়ে ৯টায় শুরু হয়।

এর জবাবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টাহামলা চালিয়েছে, যার মধ্যে জর্ডানে সম্প্রতি সম্প্রসারিত একটি মার্কিন বিমান ঘাঁটিও রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement