জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কার মধ্যে আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম।
এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক সামনে রেখে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। তবে রুপার দাম প্রায় স্থিতিশীল রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ ডলার ৮৭ সেন্টে নেমেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ৯০ সেন্টে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবর তেলের বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
এসএস