বড় ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ, কমায় গোলের ব্যবধানও।
তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের জয় আটকাতে পারেনি তারা। মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১৬-৫ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের সঙ্গে লড়াইটা জমে উঠলেও ব্যবধান ঘোচাতে পারেনি অতিথিরা। এই অর্ধে বাংলাদেশ ১৭ গোলের বিপরীতে মালদ্বীপ করে ১৫ গোল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন মোসাম্মত সানজিদা আক্তার।
নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় দলটি। ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল স্বাগতিকদের। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে মালদ্বীপ ও নেপাল।
এসএস