দীর্ঘ ৪৩ বছরের সম্পর্কের ইতি টেনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বখ্যাত সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধ ও সংঘাতের প্রতিবেদন তুলে ধরে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই সাংবাদিকের বিদায়ে সিএনএনের দীর্ঘদিনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
১৯৮৩ সালে সিএনএনে কর্মজীবন শুরু করেন আমানপোর। শুরুতে আন্তর্জাতিক সংবাদ বিভাগের সহকারী হিসেবে কাজ করলেও পরে তিনি প্রতিষ্ঠানটির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া সংঘাতসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও সংকট নিয়ে তাঁর প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পায়।
আগামী ২০২৭ সালের শুরুতে সিএনএন ইন্টারন্যাশনালে তাঁর অনুষ্ঠান ‘আমানপোর’ প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে এক দিন প্রচারিত হবে। মে মাসের শেষে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হবে এবং জুনে তিনি আনুষ্ঠানিকভাবে সিএনএন ছাড়বেন। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসে (পিবিএস) প্রচারিত তাঁর অনুষ্ঠান ‘আমানপোর অ্যান্ড কোম্পানি’ও বন্ধ হবে।
তবে সাংবাদিকতা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না আমানপোর। সাবেক স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জেমি রুবিনের সঙ্গে তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন। ভবিষ্যতে নতুন কিছু প্রকল্পে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সিএনএন ছাড়ার সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানাননি আমানপোর। তবে তাঁর বিদায়ের ঘোষণা এমন এক সময়ে এল, যখন নতুন মালিকানা ও ব্যবস্থাপনার অধীনে প্রবেশ করছে সংবাদমাধ্যমটি। গত ৬ অক্টোবর প্যারামাউন্টের মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর সিএনএনের মালিকানায় পরিবর্তন আসে।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করে আমানপোর সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি সমর্থন জানিয়েছেন। সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে সহকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘সত্যনিষ্ঠ থাকুন, নিরপেক্ষতার নামে সত্যকে আড়াল করবেন না।’
চার দশকের বেশি সময় ধরে যুদ্ধ, মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা আমানপোরের বিদায় বিশ্ব সংবাদমাধ্যমে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
এফএস