ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম
X
Advertisement

শ্রীলঙ্কার একটি কারাগারে কয়েদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। কর্মকর্তাদের ভাষ্য, গত পাঁচ বছরের মধ্যে এটি দেশটির কারাগারে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

সোমবার পুলিশ জানায়, রাজধানী কলম্বোর উত্তরে নেগোম্বো এলাকার প্রধান কারাগারে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ এএফপিকে জানান, হাসপাতালে আনা আহতদের মধ্যে ২৩ জন মারা গেছেন। নিহত ও আহতদের শরীরে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় কারাগারে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে নারী ওয়ার্ডের বন্দিরা আতঙ্কে ছাদে উঠে সাহায্যের আকুতি জানান। অতিরিক্ত ভিড়ের কারণে ছাদের একটি অংশ ধসে পড়ে, এতে কয়েকজন নারী বন্দি আহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানার খবরে বলা হয়েছে, দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয় রোববার দুপুরে। তখনই দুজন নিহত হন। পরে রাতে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা আরও ভয়াবহ রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বন্দিদের স্বজনরা কারাগারের বাইরে ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনা গেছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, রাতের সংঘর্ষ সোমবার সকাল পর্যন্ত চলতে থাকে এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় চারজন কারারক্ষী নিহত হন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময়ও শ্রীলঙ্কার একটি কারাগারে বড় ধরনের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর অতিরিক্ত ভিড় কমাতে সরকার শত শত বন্দিকে মুক্তি দেয়। তবে রোববার পর্যন্ত দেশটির কারাগারগুলোতে ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন, যা কারাগারগুলোর মোট ধারণক্ষমতার প্রায় চার গুণ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement