ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় মা মারজান এন্টারপ্রাইজ নামের একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ করা হয়। মোট চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগা গোডাউনের পাশেই ছিল একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই দোকানগুলোর মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সকালে ঝুটের গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা অনেক উঁচুতে উঠে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের ব্যাপকতা আরও বেড়ে যায়। এতে ঝুটের গোডাউন থেকে কাঠের মিল ও চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তখন আতঙ্কে আশপাশের বাড়িঘরের লোকজন তাদের ঘরের আসবাবপত্র দূরে সরিয়ে নেন। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দেড়শ ফুট লম্বা একটি ঝুটের গোডাউন এবং তার পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকান আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএস/আরএন