চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীর রামদাস মুন্সীরহাট থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “হালদা নদীর রামদাস মুন্সীরহাট থেকে মোহরা পর্যন্ত অভিযান পরিচালনার সময় ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি চারগেরা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৬ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।”
তিনি জানান, জব্দকৃত জালগুলো রামদাস মুন্সীরহাট সংলগ্ন হালদা নদীর পাড়ে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, “হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান, এএসআই রমজান আলী এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ সহযোগিতা করেন।
ইউএন/আরএন