স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা সুদৃঢ় হবে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর সংসদের অপেক্ষায় ছিল। গত ১৭ বছরে আমরা এমন সংসদ পাইনি। অতীতে কয়েকটি সংসদের সদস্য ছিলাম। বিশেষ করে এরশাদ আমলের সংসদের অভিজ্ঞতা স্মরণ করতে আমার লজ্জা লাগে। অনেক ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের পরিচয় নিয়েও বিভ্রান্তি ছিল।
তিনি বলেন, এতদিন নানা বিতর্কিত ও অকার্যকর সংসদের পর এবার একটি সত্যিকারের সংসদ গঠিত হয়েছে। ১৯৯১ সালের পর এটিই সবচেয়ে গ্রহণযোগ্য সংসদ বলে মনে করি। এবারের নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু। অনেকেই ব্যক্তিগত যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, যাদের আগে তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না।
স্পিকারের মতে, ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে যে জনগণ পরিবর্তন চায়। অতীতের সংসদ ও সংসদ সদস্যদের কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট ছিল না। জনগণ একটি জবাবদিহিমূলক ও কার্যকর সংসদ প্রত্যাশা করে। তাই বর্তমান সংসদ সদস্যদের দায়িত্বও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
তিনি বলেন, জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা যে আনন্দ-উৎসব উপভোগ করছি, সাধারণ মানুষও যেন তার সুফল পায়, সেটিই আমাদের কামনা।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে বিপিজেএসহ গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের কল্যাণে সংসদকে কার্যকর রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিক ও সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, ফল উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও দৃঢ় করবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কলম আরও শক্তিশালী হোক। একই সঙ্গে সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
ফল উৎসবে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিপিজেএর নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।