পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।
মন্ত্রী আরও বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানান তিনি।
জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সভায় পানিসম্পদ খাতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।