চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে) তিনি বেইজিংয়ে পৌঁছান।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ১২টায় (স্থানীয় সময় দুপুর ২টায়) চীনের দালিয়ান শহর থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বেইজিংয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ বা গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৭০০ জন অংশগ্রহণ করেন।
গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও উত্তম অনুশীলন সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে দেশের নীতি ও সক্ষমতা উন্নয়নেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।