কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বাংলাদেশি নারীকে বিয়ে করা চীনা নাগরিক তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন। অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই দাবি করেছেন, তার স্ত্রী মোর্শেদা বেগম প্রায় ৪ হাজার মার্কিন ডলার এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেলে স্ত্রীকে খুঁজতে আন হংওয়েই ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তিনি ফুলবাড়ী থানায় গিয়ে অভিযোগের বিষয়টি জানান। তবে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়, ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের বাসিন্দা মোর্শেদা বেগম কয়েক বছর ধরে ঢাকায় কর্মরত ছিলেন। সেখানে চীনা নাগরিক আন হংওয়েইর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং চলতি বছরের ২০ এপ্রিল তারা বিয়ে করেন বলে জানা গেছে।
চীনা নাগরিক আন হংওয়েই অভিযোগ করেন, বিয়ের পর একপর্যায়ে তার স্ত্রী নগদ অর্থ ও প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত কাগজপত্র নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর থেকে তিনি তার খোঁজ করছেন।
এদিকে, মোর্শেদার সাবেক স্বামী আব্দুল গহুরও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।”
অভিযোগের বিষয়ে মোর্শেদা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে। তাই অভিযোগকারীকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও তিনি অর্থ ও কাগজপত্র সংক্রান্ত অভিযোগ করেছেন বলে জানা গেছে।”
এ বিষয়ে আইনগত কোনো অভিযোগ দায়ের হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
এসিআর/এসআর