ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ফেরদৌস আলম হামিমের (১৯) ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে হামিম ও তার সহযোগীরা বিভিন্ন উপায়ে কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতে শুরু করে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, চাপের মুখে কিশোরী পরিবারের সংরক্ষিত স্বর্ণালংকার বিক্রি করে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠায়। পরে আরও অর্থের জন্য চাপ সৃষ্টি করা হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির চেষ্টা করে।

তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া মো. হোসেন শাওন তাজ সরকার বাবু (২০) কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার সংগ্রহ করে নামমাত্র মূল্য পরিশোধ করেন। পরে তিনি সেগুলো মুন্সীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে শাওন তাজ সরকার বাবুকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো গলিয়ে বিক্রি করার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

পরবর্তীতে একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ হামিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে। ডিভাইসগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড়া গ্রামের বাসিন্দা ফেরদৌস আলম হামিম (১৯), মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার গজারকান্দি এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার বাবু (২০) এবং মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার সুধাংশ মুখার্জী (৪৬)।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement