পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে। এর মধ্যে ৫ হাজারই অবৈধ। এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা সবার সঙ্গে কথা বলে এ থেকে উত্তরণের পথ বের করব, কারণ ইটভাটা দূষণের অন্যতম কারণ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা উৎসবের সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এখনও ইটের শতভাগ (হান্ড্রেড পার্সেন্ট) বিকল্প নিশ্চিত করা সম্ভব হয়নি। বিগত সরকারের সময়ে এ বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা হলেও তা পূরণ হয়নি। এ ছাড়া ইটিপি (ETP) ব্যবহার না করা এবং যানবাহনের ধোঁয়াও পরিবেশ দূষণের কারণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, দূষণের উৎসগুলো চিহ্নিত করে আমরা এগিয়ে যাব। আশা করি, আগামী বছরের মধ্যে কিছুটা হলেও পরিস্থিতি স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে আসতে পারব।
‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে ৮ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ এবং কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।
এসএস/আরএন