ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, তিনতলা ভবনটির ওপরের তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি অ্যানিমেশন প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও পোষা প্রাণীর দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
তিনি বলেন, “আগুন হঠাৎ করেই লেগেছিল। এখানে মূলত কিশোর-কিশোরীরা অ্যানিমেশন প্রশিক্ষণ নিতে আসত। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের কেজিএমসি ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
-টিএস