Monday | 22 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 22 June 2026 | Epaper
BREAKING: ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা      বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়      দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে, সেটা ভাবুন: প্রধানমন্ত্রী      কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই      কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      

বাউফলে ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৬)

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে মারামারি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে জিআর-৮৯/২৬ নম্বর মামলায় হাজিরা দিতে উপস্থিত হন আব্দুল্লাহ আল ফাহাদ। এ সময় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে বাউফল পৌর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফজলুল হক মৃধা অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি তার ভাই ও সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অভিযুক্তরা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালায়, কয়েকজনকে মারধর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বাউফল থানায় দায়ের করা মামলায় মোট সাতজনকে আসামি করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, “মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আহতদের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”

সম্প্রতি এক প্রাইভেটকার চালককে মারধর এবং সাংবাদিকদের গালাগাল ও হুমকিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ছাত্রদল নেতা ফাহাদ।

এএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close