নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (২১ মে) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, যেসব অভিযোগের ভিত্তিতে এমপিপুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল, প্রাথমিকভাবে সেসব অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কী অভিযোগে তাকে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি। আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি, বিস্তারিত পরে বলা সম্ভব।”
এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে আটক করে জেলা পুলিশ। রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।
তিনি বলেন, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। এক ঘণ্টারও বেশি সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের করে পুলিশের গাড়িতে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদের সহযোগিতা করেছেন। তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি।”
তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। বিষয়টি নিয়ে আমরা এখনো বিস্তারিত কিছু জানাতে পারছি না।”
খাইরুল ইসলাম সজীব এমপিপুত্র হওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদেও ছিলেন। গতকাল বিভিন্ন অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলে যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এসএস/আরএন