জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়া এবং বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ার মতো অবকাঠামোগত ত্রুটি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের দাবি জানানো হয়েছে।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১২তম কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ।
নোটিশে তিনি সংসদ ভবনের বর্তমান অবকাঠামোগত অবস্থার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে স্পিকার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তবে নোটিশটি সংসদ সচিবালয়-সংক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
এদিকে অধিবেশনের শুরুতে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ সদস্যদের পরিচিতি সংক্রান্ত একটি নোটিশ উত্থাপন করেন।
তিনি বলেন, সংসদের চার মাস পার হলেও অনেক সংসদ সদস্য এখনো সবার কাছে পরিচিত হয়ে উঠতে পারেননি। টেলিভিশনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের সময় সদস্যদের বক্তব্য দেখা ও শোনা গেলেও তাদের নাম ও নির্বাচনী এলাকার পরিচয় প্রদর্শিত হয় না। এতে সাধারণ দর্শক ও অন্যান্য সদস্যদের জন্য বক্তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
তিনি টেলিভিশন পর্দায় বক্তব্যদানকারী সংসদ সদস্যের নাম ও নির্বাচনী এলাকার নাম প্রদর্শনের ব্যবস্থা করার দাবি জানান।
স্পিকার এ প্রস্তাবকে যৌক্তিক উল্লেখ করে সংসদ সচিবালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফলে এখন থেকে সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় টেলিভিশনের পর্দায় তাদের নাম ও নির্বাচনী এলাকার পরিচয় প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
তবে বিষয়টি বিশেষ অধিকারের আওতাভুক্ত না হওয়ায় এই নোটিশটিও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
-টিএস