আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআর