নিখোঁজের দুই দিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় লেবু ব্যবসায়ী ছিলেন।
আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় লোকজন দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আমবাগানে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, গত শনিবার (২০ জুন) সকালে রহিম খান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
জেইউ/ এসআর