পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুস ছালাম (৫৫) উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলমের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। এই সুযোগে প্রতিবেশী আব্দুস ছালাম গত ১৭ জুন বিকেল চারটার দিকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায় এবং নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই লম্পট ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি ফিরলে গত ২০ জুন কিশোরীটি বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় গতকাল রোববার (২১ জুন) মেয়েটির মা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতেই নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে সোমবার (২২ জুন) পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
জেইউ/আরএন