ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা।
শনিবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানা পুলিশ পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-ছ-৭১৩৮৮১) তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮টি কার্টনের ভেতর থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১), তিনি উপজেলার পশ্চিম সাহেবনগর চৌধুরী বাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে; এবং মিনহাজুর রহমান ওরফে অমি (২১), তিনি পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
অভিযান পরিচালনা করেন পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব বৈরাগীসহ পুলিশের একটি দল।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মদগুলো অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটককৃত অ্যাম্বুলেন্সটি পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবুবের মালিকানাধীন ‘পরশুরাম ক্লিনিক’-এর বলে জানা গেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অ্যাম্বুলেন্স থেকে মোট ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এমএটিবি/ এসআর