বিশ্বকাপের মাঝেই ইউরোপীয় ক্লাব ফুটবলে চলছে দলবদলের ব্যস্ততা। এরই ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত মার্চ মাসেই কাসেমিরোর ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়। ফ্রি ট্রান্সফারে তাকে দলে নিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
রোমানোর তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শিগগিরই কাসেমিরোর চুক্তির ঘোষণা দেবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে একাধিক লা লিগা ও পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সাফল্য রয়েছে তার।
৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার মতো তারকাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
টিএস